রাজনৈতিক সংলাপের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান ববি হাজ্জাজের

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১২:৫৭ পিএম

রাজনৈতিক সংলাপের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানালেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর সেগুন বাগিচার ক্রাব মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চলমান সংলাপের ফলাফল নিয়ে এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসির সংলাপে এনডিএম কর্তৃক প্রস্তাবিত ‘গণতন্ত্রের ইশতেহার’ উপস্থাপন করেন দলটির যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

সভাপতির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘আমরা মনে করি, নির্দলীয় বা জাতীয় সরকারের আলোচনায় স্থবির না থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের ক্ষমতা এবং সক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।’

‘গণতন্ত্রের ইশতেহার’ প্রসঙ্গে বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র দল হিসাবে নিরপেক্ষ নির্বাচনের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেছে এনডিএম। আমরা একাধিক দিনে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চেয়েছি, তফসিল ঘোষণার পর সিইসিকে ‘সুপার প্রাইম মিনিস্টার’ হতে বলেছি, পোলিং এজেন্ট বাতিল চেয়েছি, নির্বাহী বিভাগ থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগে আপত্তি জানিয়েছি, ইভিএম হলে পেপার অডিট ট্রেইল সংযুক্ত করতে বলেছি, গুম-খুন বা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার এবং হয়রানি বন্ধ করতে বলেছি, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি চেয়েছি।”

‘আগামীতে ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা এবং ইসির ক্ষমতা বৃদ্ধির বিষয়ে রাজনৈতিক সংলাপ আয়োজন করতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’

হুঁশিয়ারি দিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘ছলচাতুরীর আশ্রয় নিয়ে কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করলে গণরোষে পড়তে হবে বর্তমান কমিশনকে।’

আমন্ত্রিতদের মধ্যে বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী, গণফোরামের নির্বাহী সভাপতি মোহাম্মদ মহসিন রশিদ, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জানিপপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান হীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত