মৌলভীবাজারের কমলগঞ্জের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান লাইনের মিশনারি কমিউনিটি স্কুলের শিক্ষক রঞ্জিত রাফায়েল মান্ডার (৩৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে বাগানের হাজারীবাগ গারোটিলার খ্রিস্টান পল্লীর একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রঞ্জিত খ্রিস্টান পল্লীর আমেন আমরোশ মান্ডা ও সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে বন্ধু পৌলিনুস মান্ডার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করেন রঞ্জিত রাফায়েল মান্ডা। কর্মস্থল মদনমোহনপুর চা বাগানের মিশনারি কমিউনিটি স্কুল থেকে নিজের বাইক নিয়ে ওই অনুষ্ঠানে তিনি যোগদান করেন। তাই তার পরিবারের কেউ জানতো না সে কর্মস্থল থেকে ওই অনুষ্ঠানে যোগদানের কথা। এভাবেই কেটে যায় শুক্রবার।
শনিবার সকালে বন্ধু পৌলিনুস মান্ডার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মিলে রঞ্জিতের মরদেহ। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে দুপুরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রঞ্জিতের দেহ বিকৃত হলেও তার ঘাড়ে আঘাত ও দাত ছিলো ভাঙ্গা। মুখমণ্ডল ও চোখে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। রঞ্জিতের ব্যবহৃত মোটরসাইকেল ছিল তার বন্ধু পৌলিনুস মান্ডার আঙিনায়। তার ঘরে ছিল তার ব্যবহৃত মোবাইল ফোন এবং সাইট ব্যাগটি।
রঞ্জিতের মা স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য পারুল কুরাইয়া বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। এ কথা বলেই জ্ঞান হারান তিনি।
তবে স্থানীয়রা পানিতে ডুবে রঞ্জিতের মৃত্যুর ঘটনাটি স্থানীয়রা রহস্যজনক বলে মনে করছেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে। জন্মদিনের অনুষ্ঠানে যারা ছিলেন তাদের সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
