অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইওএস ডিভাইসে নেওয়ার সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। তবে এই সুবিধা চালু করতে ডিভাইস দুটোকে একই ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত থাকতে হবে। এত দিন সেবাটি থেকে অন্য ডিভাইসে বার্তা নেওয়ার সুবিধা থাকলেও, তা শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যই প্রযোজ্য ছিল। যেসব ব্যবহারকারীর ‘অ্যান্ড্রয়েড ৫.০+’ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ‘২.২২.৭.৭৪’ বা এর পরবর্তী সংস্করণ এবং ‘আইওএস ১৫.৫+’ ডিভাইসে হোয়াটসঅ্যাপের ‘২২.১০.৭০’ অথবা পরবর্তী সংস্করণ ইনস্টল করা রয়েছে, তাদের জন্য বার্তা সরানো তুলনামূলক সহজ।
তবে, একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে বার্তা সরানোর মতো সহজ নয় এটি। কারণ, ব্যবহারকারীর ‘পেমেন্ট মেসেজ’ এবং ‘কল হিস্ট্রি’ আগের ডিভাইসেই থেকে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস। এই সুবিধা চালু করতে ডিভাইস দুটোকে একই ওয়াইফাই নেটওয়ার্কের অধীনে থাকতে হবে এবং অ্যাপলের ‘মুভ টু আইওএস’ অ্যাপটি ডাউনলোড করতে হবে চলতে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসে।
আইফোনে হোয়াটসঅ্যাপে ‘মুভ টু আইওএস’ অ্যাপটি চালু করে স্ক্রিনে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে ব্যবহারকারীকে। এরপর, আইফোনে দেখানো একটি কোড অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রবেশ করাতে হবে। পরে আরও কিছু নির্দেশনা অনুসরণ করে পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহৃত ফোন নম্বরের মাধ্যমে নতুন ‘আইওএস’ ডিভাইসে লগ ইন করতে হবে ব্যবহারকারীকে। এরপর, নতুন ডাউনলোড প্রক্রিয়া শুরু হলেই প্রত্যাশিত বার্তা খুঁজে পাবেন ব্যবহারকারী।
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে বার্তা স্থানান্তরের তুলনায় আরও বেশি ধাপের মধ্য দিয়ে যেতে হয় এই প্রক্রিয়ায়। এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের অফিশিয়াল হেল্প সেন্টার দেখার পরামর্শ দিয়েছে সাইটটি।
