তীব্র তাপপ্রবাহ

স্পেন-পর্তুগালের মাঝের উপদ্বীপেই ১৭০০ প্রাণহানি

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৩:৪৯ এএম

কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহের কবলে ইউরোপ। ইতিমধ্যে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, দাবানলে পুড়ে গেছে হাজার হাজার একর এলাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে তাপপ্রবাহজনিত কারণে কেবল আইবেরিয়ান উপদ্বীপেই প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৭০০ জন।

স্পেন-পর্তুগালের মধ্যবর্তী এই উপদ্বীপে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে ডব্লিউএইচও’র ইউরোপবিষয়ক পরিচালক হ্যান্স ক্লুগে এই তথ্য জানিয়েছেন।

তাপপ্রবাহের তীব্রতাকে অভূতপূর্ব এবং ভীতিকর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘গত কয়েক দশকে তীব্র তাপপ্রবাহের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে। কখনো কখনো তাপপ্রবাহের কারণে দাবানলের সৃষ্টি হচ্ছে। চলতি বছর আমরা এরই মধ্যে স্পেন ও পর্তুগালের মধ্যকার উপদ্বীপে এক হাজার ৭০০ মানুষের মৃত্যু দেখেছি।’ 

তিনি সতর্ক করে বলেন, ‘চরম তাপপ্রবাহ স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। বৃদ্ধ ও শিশুরা তাপপ্রবাহের কারণে বেশি ঝুঁকিতে রয়েছে।’ 

ডব্লিউএইচও’র ইউরোপ কার্যালয় আরও জানায়, তাপপ্রবাহের কারণে মৃত্যুর প্রকৃত সংখ্যা জানতে আরও কয়েক সপ্তাহ লাগবে। সামনের দিনগুলোতে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। এতে আরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। 

এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রশমনে প্যারিস চুক্তি বাস্তবায়নের তাগিদ দেন ডব্লিউএইচওর ইউরোপবিষয়ক পরিচালক।

এদিকে চলমান রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউরোপের অর্থনীতির জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহ। নেদারল্যান্ডস ভিত্তিক আইএনজি গ্রুপের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ কার্স্টেন ব্রজেস্কির মতে তীব্র তাপপ্রবাহ দুশ্চিন্তা বাড়িয়েছে। তাপের তীব্রতায় জার্মানির রাইন নদীর পানির স্তর নেমে গেছে। ফলে ইউরোপের এই গুরুত্বপূর্ণ নদীপথে রাসায়নিক, কয়লা ও শস্য পরিবহনে সমস্যা হচ্ছে। ফ্রান্সে বিরূপ আবহাওয়ায় কয়েকটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে। উত্তর ইতালির কৃষকরা ৭০ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ খরার মুখোমুখি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত