ইউক্রেনের শস্য রপ্তানি

চলতি সপ্তাহেই প্রথম চালান পাঠানোর আশা

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১০:৩৮ পিএম

কৃষ্ণসাগরের একটি বন্দর দিয়ে চলতি সপ্তাহেই খাদ্যশস্য রপ্তানির প্রথম চালান পাঠানোর আশা করছে ইউক্রেন। দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে করা চুক্তির আওতায় এ সপ্তাহে চোরনোমরস্ক বন্দর দিয়ে খাদ্যশস্য পাঠানো সম্ভব হবে বলে তারা আশাবাদী। আর দুই সপ্তাহের মধ্যে চুক্তিতে থাকা সব বন্দর দিয়ে শস্যের চালান পাঠানো যাবে।

গত শুক্রবার জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি চুক্তি হয়। পরদিনই ইউক্রেনের ওদেসা বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি পুনরায় শুরু করা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওদেসা বন্দরে যে হামলা হয়েছে, তা শস্য রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না। ওই হামলা শুধু সামরিক স্থাপনা লক্ষ্য করে করা হয়েছিল। শস্য রপ্তানিতে ব্যবহৃত অবকাঠামোয় হামলা করা হয়নি। তাই হামলার কারণে রপ্তানি শুরু করতে কোনো সমস্যা হবে না।

ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রী ওলেক্সান্দর কুব্রাকভ বলেন, চুক্তিতে শস্য রপ্তানির পরিমাণের বিষয়ে কোনো সীমা বেঁধে দেওয়া নেই। চুক্তিতে সার আমদানি ও রপ্তানির সুযোগ দেওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত