দেশের সব ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী আগামী বছরের জুন পর্যন্ত ব্যাংকগুলোকে বিদ্যুতে ২৫ শতাংশ এবং জ্বালানিতে ২০ শতাংশ খরচ কমাতে হবে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়। এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থায় সরকারি সিদ্ধান্ত চলতি বছরের ছয় মাস এবং ২০২৩ সালের প্রথম ছয় মাস ব্যাংকের ব্যয়ে কৃচ্ছ্রসাধন করতে হবে।
জ্বালানির সাশ্রয়ে ব্যাংকগুলোকে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পেট্রল, ডিজেল, গ্যাস, অয়েল ও লুব্রিকেন্ট বাবদ বরাদ্দ করা অর্থের ১০ শতাংশ খরচ কমাতে হবে। আগামী বছরের প্রথম ছয় মাসে কমাতে হবে আরও ১০ শতাংশ খরচ।
একইভাবে বিদ্যুৎ খরচের ক্ষেত্রেও আগামী এক বছরের প্রতিটি ব্যাংককে এ খাতে খরচ ২৫ শতাংশ কমিয়ে আনতে হবে। চলতি বছরের বাকি ছয় মাস ও আগামী বছরের প্রথম ছয় মাসে আনুপাতিক হারে অর্থাৎ সাড়ে ১২ শতাংশ করে এ খরচ কমাতে হবে।
জ্বালানি ও বিদ্যুৎ খরচ কমিয়ে ব্যাংকগুলো যে অর্থ সাশ্রয় করবে, তা অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না বলেও সার্কুলারে উল্লেখ করা হয়। এমনকি এ তথ্য ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদনে উল্লেখ করতেও বলা হয়েছে।
নির্দেশনার আলোকে ব্যাংকগুলো বিদ্যুৎ ও জ্বালানি খাতে কী পরিমাণ অর্থ খরচ করেছে তা আগামী ডিসেম্বর পর্যন্ত ব্যয়িত অর্থ চলতি বছরের বার্ষিক আর্থিক বিবরণীতে এবং আগামী বছরের প্রথম ছয় মাসেরটা ২০২৩ সালের আর্থিক বিবরণীতে উল্লেখ থাকতে হবে।
এর আগে সরকারি বিভিন্ন সংস্থার বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে প্রয়োজনীয় নির্দেশনা দেয় সরকার। তাতে গাড়ি ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ও অন্যান্য অপ্রয়োজনীয় ব্যয় কমানোর জন্য বলা হয়।
