বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপকূলের দুই জেলে নিখোঁজ হয়েছেন। দুই দিনেও তাদের কোনো খোঁজ পাননি পরিবার বা মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা। গত সোমবার দিনগত রাত পৌনে ৪টা থেকে তারা নিখোঁজ হন।
নিখোঁজ হওয়া জেলেরা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার মৃত ছৈয়দ নুরের ছেলে মোহাম্মদ হারুন (৪৫) ও কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া গ্রামের আবু ছৈয়দের ছেলে আবদুর রশিদ (৪০)।
স্থানীয়রা জানায়, গত সোমবার সকালে ৬ জন জেলে নিয়ে একটি দল আনোয়ারা উপকূল থেকে স্থানীয় সিরাজুল মোস্তফার মালিকানাধীন এফবি শাকিব নামের ইঞ্জিনচালিত নৌকায় করে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। পরে সেখানকার কর্ণফুলী মোহনা এলাকায় নোঙর ফেলা ওই নৌকাটি একটি পণ্যবাহী লাইটার জাহাজের ধাক্কায় পেছনের অংশ ভেঙে যায়। এ সময় নৌকার মাঝিসহ জেলেরা ঘুমিয়ে ছিলেন। এসময় ওই নৌকায় থাকা অন্যরা সাগর সাঁতরে আরেকটি নৌকায় উঠতে পারলেও নিখোঁজ হন মাঝিসহ দুই জেলে।
