ঢাকায় থাকে ১ কোটি মানুষ!

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০২:১৯ এএম

দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। কিন্তু শহর ঢাকায় কত লোক বাস করে তা নিয়ে সংশয় ছিল। ঢাকার দুই সিটি করপোরেশনের হিসাবেও বিষয়টি অস্পষ্ট ছিল এত দিন। গতকাল বুধবার জনশুমারি প্রতিবেদনে উঠে এসেছে ঢাকায় বাস করা মানুষের সংখ্যা।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকায় ১ কোটি ২ লাখের বেশি মানুষ বাস করে। ঢাকা উত্তর সিটির জনসংখ্যা ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭, আর ঢাকা দক্ষিণ সিটির জনসংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫।

দেশের পল্লী অঞ্চলের চেয়ে শহরাঞ্চলে মানুষ বেড়েছে। গত ১১ বছরে শহরাঞ্চলে মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ২০ লাখ ৯ হাজার ৭২; ২০১১ সালের শুমারিতে এ সংখ্যা ছিল ৩ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ১৮৩। জাতীয় হিসাবে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হলেও শহরে পুরুষ বাস করে বেশি।

জনশুমারির প্রতিবেদনে দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এ সিটিতে প্রতি বর্গকিলোমিটারে ৩৯ হাজার ৩৫৩ জন বাস করে। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, এখানে প্রতি বর্গকিলোমিটারে ৩০ হাজার ৪৭৪ জন বাস করে। সিটি করপোরেশনগুলোর মধ্যে সবচেয়ে কম ঘনত্ব রংপুর সিটিতে; প্রতি বর্গকিলোমিটারে ৩ হাজার ৪৪৪ জন মানুষ বসবাস করে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএসের মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদনে এ সংখ্যা তথ্য তুলে ধরা হয়।

শুমারির হিসাবে দেখা যায়, অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে বরিশালে ৪ লাখ ১৯ হাজার ৩৫১; চট্টগ্রামে ৩২ লাখ ২৭ হাজার ২৪৬; কুমিল্লায় ৪ লাখ ৩৯ হাজার ৪১৪; গাজীপুরে ২৬ লাখ ৭৪ হাজার ৬৯৭; খুলনায় ৭ লাখ ১৮ হাজার ৭৩৫; ময়মনসিংহে ৫ লাখ ৭৬ হাজার ৭২২; নারায়ণগঞ্জে ৯ লাখ ৬৭ হাজার ৭২৪; রাজশাহীতে ৫ লাখ ৫২ হাজার ৭৯১; রংপুরে ৭ লাখ ৮ হাজার ৩৮৪ ও সিলেটে ৫ লাখ ৩২ হাজার জন বাস করেন।

বিভাগ হিসেবে ঢাকায় সর্বাধিক ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন মানুষের বাস। এর মধ্যে পুরুষ ২ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮২২ ও নারী ২ কোটি ১৭ লাখ ২১ হাজার ৫৫৬ জন। এই বিভাগে ট্রান্সজেন্ডারের সংখ্যা ৪ হাজার ৫৭৭।

প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যা পরিবর্তনে তারতম্য দেখা গেলেও শতকরা হারে জনসংখ্যা বৃদ্ধি আগের শুমারির বছরের তুলনায় ক্রমান্বয়ে কমছে। ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল যথাক্রমে ২ দশমিক ৮৪; ২ দশমিক শূন্য ১; ১ দশমিক ৫৮; ১ দশমিক ৮৬ ও ১ দশমিক ২২ শতাংশ।

বিভাগভিত্তিক জনসংখ্যা বৃদ্ধির হারে দেখা যায়, ২০২২ সালে বৃদ্ধির হার ঢাকা বিভাগে সর্বোচ্চ (১ দশমিক ৭৪ শতাংশ) এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন (শূন্য দশমিক ৭৯ শতাংশ)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত