জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি।
তিনি গতকাল বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
একই সময় তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সব শহীদের এবং বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ও মাতা শেখ সায়েরা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, পরিচালক (ঢাকা রেঞ্জ), গোপালগঞ্জ আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
