অর্পিতার আরেক বাসায় মিললো ২০ কোটি রুপি ও সোনার বার

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৯:৫১ এএম

ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে আরও ২০ কোটি রুপি নগদ অর্থ ও সোনার বার উদ্ধার করা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, একটি শেলফে পাওয়া গেছে এসব অর্থ।

গতকাল বুধবার দুপুরে কলকাতার বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনে যান দেশটির কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা। বিকেল নাগাদ ওই অর্থের সন্ধান পাওয়া যায়।

এর আগে গত শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা ও গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। এরপর জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে পার্থ-ঘনিষ্ঠের। বুধবার সেখানে অভিযান চালায় ইডি। প্রচুর অর্থের সন্ধান পাওয়ার পর ব্যাংক কর্মকর্তাদের টাকা গণনার যন্ত্র নিয়ে দ্রুত যেতে বলা হয়।

সূত্র বলেছে, বুধবার অভিযান চালিয়ে আরও কিছু নথি পেয়েছে তারা। এর আগে একটি ডায়েরি পেয়েছিল কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই ডায়েরির সূত্র ধরে তদন্ত আগায় ইডি। সে সময় ইডি বলেছিল, তারা বেশ কিছু চুক্তিপত্র পেয়েছে। এগুলোর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জড়িত।

অর্পিতা মুখোপাধ্যায় তদন্তকারীদের বলেছেন, রাজ্যের বিশাল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে এ অর্থ পেয়েছেন তারা। যে ঘরে নগদ অর্থ রাখা হয়েছিল সেখানে কেবল পার্থ ও তার লোকদের প্রবেশাধিকার ছিল। প্রতি ১০ দিন পরপর সেখানে যেতেন তারা।

অর্পিতা তদন্তকারীদের বলেছেন, পার্থ আমার বাড়িটিকে মিনি-ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত