দুমকিতে চোরাই ছাগলের গোশত জব্দ, আ.লীগ নেতা আটক

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০২:৪২ পিএম

পটুয়াখালীর দুমকিতে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর ১২ হাজার টাকা মূল্যের একটি ছাগল জবাই করে গোশত খাওয়ার অভিযোগে রেজাউল হক রাজন নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির ফ্রিজ থেকে চোরাই ছাগলের মাংস জব্দ করা হয়। এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়।

ঘটনাটিকে মহল বিশেষের ষড়যন্ত্র বলে দাবি করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. আবু গাজীর সাথে পূর্বশত্রুতার জেরে বুধবার বিকেলে প্রতিবেশী আওয়ামী লীগ নেতা রেজাউল হক রাজন তার (আবুর) একটি ১২ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল জবাই করে খেয়ে ফেলে।

জিজ্ঞেস করতে গেলে তিনি (রাজন) তাকে (আবুকে) উল্টো অকথ্য ভাষায় গালাগাল ও যা পারিস করগে বলে হুমকি দেয়।

নিরুপায় হয়ে আবু গাজী ওইদিন সন্ধ্যায় দুমকি থানায় একটি ছাগল চুরির মামলা দায়ের করেন।

এ ঘটনায় থানা-পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে আংগারিয়ার গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রেজাউল হক রাজনকে আটক করেছে।

এ সময় তার বাসার ফ্রিজ তল্লাশি করে ৫ কেজি পরিমাণ খাসির মাংস আলামত হিসেবে জব্দ করা হয়। ধৃত রেজাউল হক রাজন দুমকি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বলে জানা যায়।

রাজনের পরিবার ও স্বজনদের দাবি, ফসল নষ্ট করায় তাড়ানোকালে দৈবাৎ ছাগলটির মাথায় আঘাত লেগে ছটফট করছিল। ক্ষতিপূরণ দেয়ার চিন্তায় তখন ছাগলটি জবাই করা হয়। চুরির প্রশ্ন একদমই ঠিক না। শত্রুতাবশত বাদী মামলাটি করেছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন, অভিযোগ সত্য হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত