চাপ বাড়লেও সংকটের ঝুঁকি কম বাংলাদেশের

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৩:৪২ এএম

চলমান করোনাভাইরাস মহামারীর ধাক্কা কাটার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্বজুড়ে নজিরবিহীন অর্থনৈতিক সংকট তৈরি করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ বড় বড় অর্থনীতির দেশগুলোও মূল্যস্ফীতিসহ নানা সংকটে জেরবার। তবে এ সংকটে বেশি ঝুঁকিতে আছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো। ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা, পাকিস্তানেও সংকট তীব্র হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিও একধরনের চাপে পড়েছে। আর সময়ের ব্যবধানে তা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে কয়েক দিন আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছিল, শ্রীলঙ্কা সংকটের মতো পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকিতে বাংলাদেশও আছে। তবে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের অর্থনীতি এবং ভবিষ্যতের ব্যাপারে আশার বাণী শোনাল বিশ্বের শীর্ষ ক্রেডিট রেটিং সংস্থা মুডিস ইনভেস্টরস সার্ভিস। সংস্থাটি বলেছে, বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হলেও সংকটের ঝুঁকি কম।

সিঙ্গাপুরে মুডিসের বিশ্লেষক ক্যামিল চৌটার্ড বলেছেন, মূল বার্তা হলো যদিও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি কমেছে উচ্চস্তর থেকে, তারপরও দেশটির বাহ্যিক দুর্বলতার সূচকে ঝুঁকি কম।

আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। যে কারণে সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি হ্রাস এবং সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ চাইছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহে কাটছাঁট ঘোষণা করেছে এবং ডলারের তীব্র ঘাটতির মাঝে মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক বছর আগের ৪৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার থেকে কমে গত ২০ জুলাই ৩৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার হয়েছে।

ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহে বিঘœ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে দুর্ভোগ তৈরি করছে। কিন্তু তার আগপর্যন্ত ৪২৬ বিলিয়ন ডলারের অর্থনীতির বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ছিল। গত বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভবিষ্যতের যেকোনো চাহিদা মেটানোর জন্য আইএমএফের কাছে ঋণ চাইলেও অর্থনৈতিক সংকটের মুখে নেই বাংলাদেশ।

মুডিসের ক্যামিল চৌটার্ড বলেছেন, ‘আমরা রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া, রপ্তানির কম চাহিদা এবং অবশ্যই জ¦ালানি ও খাদ্যের উচ্চমূল্যের কারণে চলতি হিসাবের ঘাটতির অবনতির আশা করছি। এসব চাপ আসলে তৈরি হচ্ছে এবং সম্প্রতি দেশটিতে ভয়াবহ বন্যার কারণে পরিস্থিতির আরও খারাপ হয়েছে।’

তিনি বলেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় অপ্রয়োজনীয় আমদানি রোধে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। বিদেশে বসবাসরত লাখ লাখ অভিবাসীর দেশে রেমিট্যান্স পাঠানোর বিধিবিধান শিথিল করা হয়েছে। কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে লাগাম টানা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে সরকারি ব্যয়ের ক্ষেত্রে পুনরায় অগ্রাধিকার নির্ধারণ এবং ভোক্তা কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করতে হয়েছে।’

ক্রমবর্ধমান খাদ্য ও জ¦ালানির দাম মহামারীতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এখন উন্নয়নশীল দেশগুলো যারা বছরের পর বছর ধরে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে, তারা নিজেদের নড়বড়ে অর্থনৈতিক ভিত্তি যে বৈশ্বিক টালমাটাল পরিস্থিতিতে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ সেটি উপলব্ধি করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত