জিম্বাবুয়ে সিরিজ শেষ সোহানের, অধিনায়ক ঘোষণা করবে বোর্ড

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০১:১৬ পিএম

সবেমাত্র পেয়েছিলেন অধিনায়কের দায়িত্ব। জিম্বাবুয়ে সিরিজ দিয়েই শুরু হয় তার নেতৃত্বের পথচলা। তবে দায়িত্ব নিয়ে পুরো শেষ করতে পারলেন না। গত ম্যাচে কিপিংয়ের সময় বাঁহাতের তর্জনীতে আঘাত পেয়েছেন। আঙ্গুলের চোটের কারণে ছিটকে গেছেন সিরিজ থেকে। আগামী তিন সপ্তাহ তাকে থাকতে হবে মাঠের বাইরে। শেষ ম্যাচে তাই অধিনায়কত্ব করতে পারেন লিটন দাস।

রবিবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে পেসার হাসান মাহমুদের বল ধরতে গিয়ে আঙুলে ব্যথা পান সোহান। চোট নিয়ে ইনিংসের বাকিটা সময় কিপিং করলেও তার ব্যাটিংয়ে নামা নিয়ে ছিল সংশয়।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‘আমরা তার এক্স-রে করিয়েছি এবং বাঁহাতের তর্জনীত চিড় ধরা পড়েছে। এ ধরনের আঘাত থেকে সেরে উঠতে তিন সপ্তাহের সময় লাগে। এ কারণে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ এবং আসন্ন ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না তার।’

সোহানের চোটের কারণে শেষ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব কে দেবেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। অনেকেই ধারণা করছেন লিটন দাসই হতে পারেন তৃতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এই সংস্করণের আন্তর্জাতিক ম্যাচে অতীতেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। গত বছর এপ্রিলে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তাই শেষ ম্যাচের অধিনায়ক হিসেবে তাকে ভাবা হচ্ছে। আবার কারো মুখে মোসাদ্দেক হোসেন সৈকতের নামও শোনা যাচ্ছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়নি। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু একটা আভাস দিয়েছেন।

একটি অনলাইন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেষ ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক মনোনয়ন করবে ক্রিকেট বোর্ড। সম্ভাব্য বিকল্প হিসেবে লিটনকেই চোখে পড়ছে। তবে সিদ্ধান্তটা নেবে বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান তা ঘোষণা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত