ইংল্যান্ডে বিরল সিরিজ জয় দ. আফ্রিকার

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১১:০৪ পিএম

নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক ছিলেন ডেভিড মিলার।  সুযোগটা পেয়েই ইতিহাস গড়েছেন। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৯০ রানে হারিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতা অধিনায়ক হয়েছেন তিনি।

রবিবার সাউদাম্পটনে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯১ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসে ২৫টি বাউন্ডারি হলেও ছক্কা কেবল একটি। আর সেটিই এসেছে অধিনায়ক মিলারের ব্যাট থেকে। সেই ছক্কায় ৯ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এর আগে রেজা হেনড্রিকস ৫০ বলে ৭০, এইডেন মার্করাম ৩৬ বলে অপরাজিত ৫১, আর রাইলি রুশো ১৮ বলে করেন ৩১। জবাবে তাবরিজ শামসির ঘূর্ণিতে জস বাটলার, জেসন রয়রা ব্যর্থ হয়েছেন। শামসি ২৪ রানে নেন ৫ উইকেট। ১৬.৪ ওভারে ১০১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচ শেষে অধিনায়ক বাটলার বলেছেন, ‘ব্যাট হাতে আমরা নিজেদের মেলে ধরতে পারিনি। প্রতিপক্ষের ওপর চাপও তৈরি করতে পারিনি। দলের পারফরমেন্স আমাকে হতাশ করেছে। আমি যে দলকে চিনি, যারা যে কোনো ধরনের ঝুঁকি নিতে পছন্দ করে, আমি চাই দলটা সেই ধরনের সাহসী ক্রিকেট খেলুক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত