দোয়া, মোনাজাত এবং ফুলেল শ্রদ্ধায় শেখ কামালের জন্মদিন পালন

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৬:০৬ পিএম

দোয়া, মোনাজাত এবং ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩ তম জন্মদিন উদ্‌যাপন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন।

ক্রীড়া সংগঠক শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে ঘাতকের হামলায় নিহত হন তিনি।

তার জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর আবাহনী মাঠে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রথমে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম প্রমুখ।

পরে কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সকাল পৌনে নয়টার দিকে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতারা শ্রদ্ধা জানান। পরে নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে নেতারা শেখ কামালের সমাধিতে ফুল ছিটিয়ে দেন।

এরপর একে-একে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শেষে বনানী কবরস্থান মসজিদে ১৫ আগস্টের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন আলাদা আলাদা আলোচনা সভা করে।

ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করে স্বেচ্ছাসেবক লীগ। সেখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, শেখ কামাল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সাহসিকতার সঙ্গে মুক্তিবাহিনীকে পরিচালনা করেছেন। বাংলাদেশের অভ্যুদয়ে শেখ কামাল সাহসী ভূমিকা পালন করেছেন। আমাদেরকে শেখ কামালের মতো সাহসী ও দেশপ্রেমিক হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল বহুমাত্রিক অনন্য প্রতিভাবান সংগঠক’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়াঙ্গনের অবদানের স্বীকৃতি হিসাবে ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পদক তুলে দেন। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত