চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পুড়ে ১১ মাসের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম লামিয়া সুলতানা। শুক্রবার (৫ আগস্ট) দুপুর দেড়টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামের গোল বক্স মুহুরি বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ছাড়া আগুনে ওই বাড়ির আজিজুল হকের তিন ছেলে মাঈন উদ্দিন, রাজিব উদ্দিন ও আরিফের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। নিহত লামিয়া সুলতানা প্রবাসী রাজিব উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবারে পুরুষ সদস্যরা সবাই যখন জুমার নামাজ পড়তে যায়, তখন হঠাৎ আজিজুল হকের ঘরে আগুন লাগে। এ সময় ঘরে কেউ ছিল না। পরিবারের নারী সদস্যরা সবাই ছিলেন গোসলে। নিহত লামিয়া সুলতানা তখন ঘরে ঘুমাচ্ছিল। আগুন দেখে এলাকার লোকজন ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘুমিয়ে থাকা লামিয়া পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের দাবি, নতুন ঘর করার জন্য ঘরে নগদ ৬ লাখ টাকা ছিল। আগুনে সে টাকাও পুড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইছাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি। আগুনে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া এক শিশু কন্যা নিহত হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা হায়াতুন নবী জানান, ইছাখালিতে অগ্নিকাণ্ডে এক শিশু কন্যা নিহত হয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি নিহত শিশু কন্যাটিকে উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
