সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হলো না বাংলাদেশের। ভারতের কাছে ৫-২ গোলে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় লাল-সবুজদের।
ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শতভাগ ম্যাচ জিতেই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। টুর্নামেন্টেও ভারতের বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল তারা। তবে শিরোপা জেতা হলো না।
খেলার শুরুতেই পিছিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ভারত। সুযোগটা কাজে লাগিয়ে গুরকিরাত ১-০ গোলে এগিয়ে নেন ভারতকে। তবে প্রথমার্ধের শেষ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান রাজন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল পেয়ে যায় বাংলাদেশ। ৪৮ মিনিটে শাহীন ভারতে জালে বল জড়ালে লিড পায় লাল-সবুজরা। তবে ৬০ মিনিটে গোল করে ফের ভারতকে সমতায় ফেরান গুরকিরাত।
গোল সমতায় থেকেই খেলার নির্ধারিত সময় শেষ হয়। খেলা গড়ায় তাই অতিরিক্ত সময়ে। শুরুতেই আবার এগিয়ে যায় ভারত। ৯১ মিনিটে হিমাংশু জাংরার গোলে এগিয়ে যায় ভারত। এরপর আর পেছন ফিরে তাকায়নি। গোল শোধ করতে মরিয়া বাংলাদেশের জালে ২ মিনিট পরেই গোল দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন গুরকিরাত। তারপরও থেমে থাকেননি। ৯৮ মিনিটে ফের বাংলাদেশের জালে বল জড়ান।
গুরকিরাতে হ্যাটট্রিকে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের। ২০১৭ ও ২০১৯ সালেও রানার্স-আপ হয়েছিল লাল-সবুজরা। এবার শিরোপা জয়ের মিশন নিয়েই গিয়েছিল। কিন্তু ভারতের শিরোপা জয়ে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় শাহীন-রাজনদের।
