ফরিদপুরের সালথা বাজারে ১৮ বছর ধরে প্রভাবশালীর দখলে থাকা সরকারি হালট উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকালে সালথা বাজারের হাইস্কুল রোড সংলগ্ন ওই হালটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতার। এসময় তার সঙ্গে সার্ভেয়ার, তহশিলদার, সালথা থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সালথা বাজারের ৩৩ নম্বর দরজা-পুরুরা মৌজার হালট শ্রেণির ২৯ নম্বর দাগের সম্পত্তি দখল করে স্থানীয় ভাওয়াল গ্রামের মৃত রহমান মুন্সির ছেলে জাফর মুন্সি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিব সরকার ওইসব দোকানঘর বন্ধ করে দিলেও পরে আবারও দোকান খুলে ভাড়া দেন।
উপজেলার সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘১৫ থেকে ২০ বছর ধরে সরকারি হালট দখল করে দোকানঘর দেওয়ায় আমাদের চলাফেরা খুবই কষ্টকর হয়ে পড়েছিল। আমরা এলাকাবাসী প্রশাসনকে অনুরোধ জানিয়েছি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হালটটি চলাচল উপযোগী করার জন্য।’
হালট দখলকারী জাফর মুন্সী বলেন, ‘এটা আমার ক্রয়কৃত সম্পত্তি। এখানে কিছু সরকারি ও কিছু মালিকানা সম্পত্তি রয়েছে। আমার দলিল ও পিট দলিল রয়েছে। আমি সালথার সাবেক ইউএনও’র অনুমতি নিয়েই আবার দোকান খুলেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতার বলেন, ‘ম্যাপ দেখে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে বেদখল হওয়া সব সরকারি জমি উদ্ধার করা হবে।’
