শ্রীপুরে ব্রহ্মপুত্র ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের ভোগান্তি

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০১:২৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে জামালপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে। সকাল ১১টার দিকে শ্রীপুরে স্টেশন পার হওয়ার সময় বিকট শব্দে ইঞ্জিন বিকল হয়। এখন বিকল ট্রেনটি স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। এ ট্রেনের বহু যাত্রী ভোগান্তিতে পড়েছে। 

রিলিফ ইঞ্জিন আসার পর মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে শ্রীপুর স্টেশন মাস্টার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

যাত্রীরা জানান, সকাল ৬.৪০ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছাড়ে আন্তঃনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস। পরে সকাল ১১টার দিকে শ্রীপুর স্টেশন পার হওয়ার সময় বগি থেকে বিকট শব্দে ইঞ্জিন আলাদা হয়ে পড়ে। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশীদ বলেন, সকাল ১১টা ৫ মিনিটে আন্তঃনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস স্টেশনের দুই নম্বর লাইনে চলার সময় ট্রেনের বগি ও ইঞ্জিনের সেন্ট্রাল পিন ভেঙে বগি ইঞ্জিন আলাদা হয়ে পড়ে। ইঞ্জিন সচল করতে রিলিফ ইঞ্জিন আসছে। 

তবে এক নম্বর লাইনে সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও এ কর্মকর্তা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত