এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১০:৪৭ এএম

আজ ১০ আগস্ট, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী। ১৯২৪ সালের এই দিনে নড়াইলের শ্যামল ছায়াঘেরা চিত্রা পাড়ের মাছিমদিয়া গ্রামের দরিদ্র রাজমিস্ত্রি মেছের আলীর ঘরে জন্মগ্রহণ করেন তিনি। বাবা-মা আদর করে নাম রাখেন লাল মিয়া।

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শিল্পীর জন্মবার্ষিকী।

মঙ্গলবার দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও এসএম, সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এস এম সুলতান কমপ্লেক্স (শিল্পীর নিজস্ব বাস ভবনে) কোরআন খতম, শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা,  আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল নয়টায় শিল্পীর মাজারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এসএম, সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সংগীত নিকেতন, ছাত্র পরিষদ সহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

এ সময় শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শিশুস্বর্গে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, এসএম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু, এসএম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বালা  বৈরাগী, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত