শিল্প এলাকায় সাপ্তাহিক ছুটি আলাদা দিনে

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০১:৫৭ এএম

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্প এলাকায় ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি নির্ধারণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে ৪৯০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সাশ্রয় হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের শিল্পাঞ্চলসমূহে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করার নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পৃথক সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।

এ আদেশ এখন থেকে কার্যকর হবে এবং আবার আদেশ না হওয়া পর্যন্ত তা চলবে বলে জানানো হয়েছে।

এর আগে লোডশেডিং কমাতে দেশের পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলগুলোতে আলাদা দিনে সাপ্তাহিক ছুটি দেওয়ার কথা জানায় সরকার। আর সরকারের এই পরিকল্পনার সঙ্গে একমত প্রকাশ করেন ব্যবসায়ীরা। গত ৭ আগস্ট বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই বৈঠকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার বন্ধ থাকবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) অধীনে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লার কিছু এলাকা। একই দিন বন্ধ থাকবে বাংলাদেশে পল্লীবিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) অধীনে থাকা ঢাকা-১-এর মৌচাক, ভান্নারা, শফিপুর, ফুলবাড়িয়া, সাভার, ঢাকা-৩, ঢাকা-৪, গাজীপুর-১, গাজীপুর-২, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নায়ারণগঞ্জ-১, নারায়ণগঞ্জ-২, নরসিংদী-১, নরসিংদী-২, ময়মনসিংহ-১ ময়মনসিংহ-২, টাঙ্গাইল, কুমিল্লা-২-সহ বেশ কিছু এলাকা।

শনিবার বন্ধ থাকবে, বাবিউবোর অধীনে থাকা চট্টগ্রাম মিরসরাই এলাকা, ময়মনসিংহের জগন্নাথপুর, মিরারচর, আকবর, কালিপ্রসাদসহ বেশ কয়েকটি এলাকা। সিলেটের ছাতক সিমেন্ট, অয়নপুর সিমেন্ট, কংক্রিট সিøপারসহ বেশ কটি কারখানা এলাকা, কুমিল্লায় বন্ধ থাকবে খদবাড়ী ও বিশ^রোড এলাকার শিল্প-কারখানা। এ ছাড়া শনিবার কুমিল্লা-২, কুমিল্লা-৩, চট্টগ্রাম-১, চট্টগ্রাম-৩, রংপুর-১, রংপুর-২, নীলফামারী, দিনাজপুর-১, ঠাকুরগাঁও, কুষ্টিয়া এলাকার শিল্প-কারখানাও এদিন বন্ধ থাকবে।

রবিবার বন্ধ থাকবে, ঢাকা-১-এর অধীনে বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের অধীনে থাকা আশুলিয়া, বিরুলিয়া, কলমা, বেলমাসহ বেশ কিছু এলাকা। এ ছাড়া ঢাকা-৩, ঢাকা-৪, গাজীপুর-১, গাজীপুর-২, মুন্সীগঞ্জসহ বেশ কিছু এলাকা। 

একইভাবে ভিন্ন ভিন্ন দিনের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত