তুরস্কে জাতীয় রেকর্ড গড়লেন রিতু

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৬:৩৪ পিএম

তুরস্কে যাওয়ার আগে সেরাটা দেবেন বলে জানিয়েছিলেন হাই জাম্পার রিতু আক্তার। সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন, গড়েছেন জাতীয় রেকর্ড। তবে পদক জিততে পারেননি তিনি।  

তুরস্কের কনিয়া শহরে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত গেমসের হাইজাম্পে ১.৭৩ মিটার লাফিয়ে ১১ জনের মধ্যে সপ্তম হয়েছেন রিতু। এই উচ্চতা বাংলাদেশের রেকর্ড।

গেমসের এই ইভেন্টে বাংলাদেশের উম্মে হাফসা রুমকীও অংশ নিয়েছিলেন। তিনি ১.৭০ মিটার লাফিয়ে হয়েছেন নবম। গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিকসে ১.৭১ মিটার লাফিয়ে নতুন রেকর্ড করে স্বর্ণ জিতেছিলেন রুমকী। তুরস্কে রুমকীর সেই রেকর্ড ভেঙেছেন রিতু আক্তার।

১.৭৬ মিটার উচ্চতায় তিনবার চেষ্টা করেও পারেননি রিতু। প্রথম প্রচেষ্টায় রুমকি ১.৬৫ মিটার লাফানোর পর দ্বিতীয় প্রচেষ্টায় ১.৭০ মিটার লাফান, তৃতীয় প্রচেষ্টায় ১.৭৩ মিটার টপকাতে পারেননি রুমকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত