বর্ষসেরার দৌড়ে বেনজেমা কর্তোয়া ডি ব্রুইনে

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১১:১৭ পিএম

টানা তৃতীয়বার বর্ষসেরা পুরস্কারের জন্য ঘোষিত তালিকার শীর্ষ তিনে ডি ব্রুইনে। গতবার তিনি পেছনে পড়েন চেলসির জর্জিনহোর কাছে।

২০২১-২২ মৌসুমে চোখধাঁধানো নৈপুণ্য উপহার দেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তাই উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। বেনজেমার পাশাপাশি তালিকার শীর্ষ তিনে আছেন তার ক্লাব সতীর্থ থিবো কর্তোয়া ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে।

গতকাল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২১-২২ মৌসুমের বর্ষসেরার দৌড়ে থাকা ১৫ ফুটবলারের নাম ঘোষণা করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২৫ আগস্ট ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ২০২২-২৩ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। একই সঙ্গে বর্ষসেরা পুরুষ কোচ, বর্ষসেরা নারী খেলোয়াড় ও বর্ষসেরা নারী কোচের নামও ঘোষণা করা হবে।

গত মৌসুমে ক্যারিয়ারের সবচেয়ে দুর্দান্ত সময় কাটান ফরাসি স্ট্রাইকার বেনজেমা। রিয়ালকে রেকর্ড ১৪তম শিরোপার স্বাদ পাইয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। ১৫ গোল নিয়ে তিনি ছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা। নক-আউট পর্বে পিএসজি ও চেলসির বিপক্ষে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন বেনজেমা। ২৭ গোল করে লা লিগার গোলদাতাদের তালিকাতেও সবার ওপরে ছিলেন তিনি।

বেলজিয়ান গোলরক্ষক কর্তোয়া চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ম্যাচসেরা হয়েছিলেন। প্যারিসে লিভারপুলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নজরকাড়া সব সেভ উপহার দেন তিনি। তার জমাট রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ হন সাদিও মানে-মোহামেদ সালাহর মতো তারকা ফরোয়ার্ডরা। তাছাড়া লা লিগায় ৩৬ ম্যাচে মাত্র ২৯ গোল হজম করেছিলেন কর্তোয়া।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে ম্যানসিটি। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে চতুর্থবারের মতো ইংল্যান্ডের শীর্ষ ফুটবল আসরের মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হন কর্তোয়ার স্বদেশি ডি ব্রুইনে। এই নিয়ে টানা তৃতীয়বার তিনি জায়গা পেয়েছেন উয়েফা বর্ষসেরা পুরস্কারের জন্য ঘোষিত তালিকার শীর্ষ তিনে। গতবার তিনি পেছনে পড়েন চেলসির জর্জিনহোর কাছে।

মনোনীত ১৫ জন

করিম বেনজেমা, থিবো কর্তোয়া, কেভিন ডি ব্রুইনে, রবার্ট লেভানডভস্কি, লুকা মদ্রিচ, সাদিও মানে, মোহামেদ সালাহ, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, ভার্জিল ভ্যান ডাইক,  বের্নার্দো সিলভা, ফিলিপ কস্তিচ, লরেঞ্জো পেলিগ্রিনি, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ফাবিনহো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত