ক্রিকেট দুনিয়ায় তাকে চেনে টেস্ট স্পেশালিস্ট হিসেবে। ব্যাটিং মোটেও টি-টোয়েন্টিসুলভ নয়। আইপিএলে মাত্র ৩০টি ম্যাচ খেলে রান করেছেন ৩৯০। ভারতের টি-টোয়েন্টি দলে কোনো দিনও সুযোগ পাননি। সেই পূজারার রূপ যেন বদলে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে! তার মারকুটে ব্যাটিং দেখে হতবাক দর্শকরা। পূজারাও যে এমনটা খেলতে পারেন সেটা কেউ ধারণাও করতে পারেননি!
সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে টুর্নামেন্টে এই কীর্তি করেছেন পূজারা। ওয়ারউইকশায়ারের বিপক্ষে ৩১১ রান তাড়া করতে নেমে তিনি মাত্র ৭৩ বলে সেঞ্চুরি করেন। ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। এর মাঝে ওয়ারউইকশায়ারের বোলার নরওয়েলের করা ৪৫তম ওভারে নিয়েছেন ২২ রান।
ওই ওভারে তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি। এক ওভারে ২২ রান করার সময় পূজারা যেসব শট খেলেছেন তা অবাক করার মতোই। উইকেট থেকে সরে গিয়ে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা মেরেছেন।
ভারতের ক্রিকেটার সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টিতে হরহামেশাই এই শট খেলতে দেখা যায়। তবে ধ্রুপদি ব্যাটিংয়ে অভ্যস্ত পূজারা যে এ ধরনের শট খেলতে পারেন, সেটা কে জানত?
পূজারার এই ব্যাটিংও অবশ্য তার দলকে জেতাতে পারেনি। জয়ের খুব কাছে গিয়ে ৪ রানে ম্যাচ হারতে হয় সাসেক্সকে। ১১ বল বাকি থাকতেই আউট হয়ে যান পূজারা। তিনি থাকলে হয়তো দলকে জিতিয়েই মাঠ ছাড়তেন। আউট হওয়ার সময় তার নামের পাশে ৭৯ বলে ১০৭ রানের ঝলমলে ইনিংস।
