সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য (সিগনালম্যান) অনুশীলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতের নাম নিশান ভৌমিক (২৯)। তিনি নোয়াখালী জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয় লাল ভৌমিকের ছেলে।
রবিবার সকালে জকিগঞ্জের কসকনকপুর বিওপিতে এ ঘটনা ঘটে। নিহত নিশান ভৌমিক বিবাহিত ও তার দুই বছর বয়সী দুইটি জমজ সন্তান রয়েছে বলে জানা গেছে।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, রবিবার সকালে অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান ভৌমিক। তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বিজিবি সদস্যরা রওয়ানা হন। পথে তার অবস্থার অবনতি হলে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯ বিজিবির অধিনায়ক আরও জানান, নিশান ভৌমিক প্রায় ১০ বছর ধরে বিজিবিতে কর্মরত।
তার মৃত্যুকে খুবই দুঃখজনক আখ্যায়িত করে তিনি বলেন, ‘নিশানের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে বিজিবির ফেনী ব্যাটালিয়ন তার শেষকৃত্যে উপস্থিত থাকবে।’
