অনন্ত-মিশার দ্বন্দ্বে সরগরম চলচ্চিত্রপাড়া

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০১:০৩ এএম

সম্প্রতি চিত্রনায়ক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা নিয়ে সমালোচনা করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তিনি বলেছিলেন, ‘দিন : দ্য ডে’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই। অনন্তের এই সিনেমায় ‘প্রফেশনাল কোনো শিল্পী নেই’ বলেও মত দিয়েছেন এই খল অভিনেতা। সমালোচনার জবাবে এবার মিশা সওদাগরকে একহাত নিলেন অনন্ত জলিল। তার দাবি, মিশাকে দিয়ে ‘ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই’। এছাড়া এই অভিনেতাকে ‘দিন : দ্য ডে’র মতো একটা সিনেমা বানিয়ে দেখানোরও চ্যালেঞ্জ দিয়েছেন অনন্ত। মিশার ‘বিতর্কিত’ বক্তব্য নিয়ে সাংবাদিকদের অনন্ত জলিল বলেন, ‘মিশা সওদাগর সাহেব একজন পুরনো শিল্পী, তিনি যেটা ভেবেছেন সেটা বলেছেন। ইন্ডাস্ট্রির তো উনার দ্বারা কোনো উপকার হয়নি। উনি একজন প্রযোজকও না, ক্রিয়েটিভ পারসনও না; উনি একজন শিল্পী। তার দ্বারা তো আর সিনেমার উন্নতি হয় না।’ মিশা সওদাগর যখন শিল্পী সমিতির সভাপতি ছিলেন তখন প্রায় দুই শতাধিক শিল্পীর ভোটাধিকার বাতিল করা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে অনন্ত বলেন, ‘ভোটের জন্য তারা ২০০ জনের বেশি চলচ্চিত্রযোদ্ধা শিল্পীকে বঞ্চিত করেছিল। নিউজে সবসময় জায়েদ খানের নাম বলতে দেখেছি, মিশার নাম কম এসেছে। কিন্তু মিশা তো সভাপতি ছিলেন, শিল্পীদের বাদ দেওয়ার সই তো তিনিই করেছেন। চলচ্চিত্রের যোদ্ধাদেরকে এফডিসি থেকে বের করে দেওয়া হলো, পরে ইলিয়াস কাঞ্চন ভাই তাদের ফিরিয়ে আনলেন। তাহলে মিশার দ্বারা চলচ্চিত্রের উন্নয়ন কীভাবে হলো?’ অনন্ত বলেন, ‘আজকে সিনেমা যে ডিজিটালাইজড হয়েছে, এটা কার দ্বারা হয়েছে? অনন্ত জলিলের দ্বারা। যার কোনো ধরনের বিনিয়োগ নাই, যার নতুন ক্রিয়েটিভ নাই, চলচ্চিত্রের শিল্পীদের পর্যন্ত এফডিসি থেকে বের করে দিয়েছেন, কীভাবে তার দ্বারা চলচ্চিত্রের উন্নতি হয়?’

অনন্ত জলিলের এমন মন্তব্য শোনার পর মিশা সওদাগর বললেন, ‘অনন্ত জলিল আসলে আমার কথাটা ভুল বুঝেছেন কিংবা ভুলভাবে ব্যাখ্যা করেছেন। হতে পারে কেউ আমার কথার ভুল ব্যাখ্যা তাকে দিয়েছে। আমি আসলে অনন্ত জলিলের সমালোচনা করিনি। করেছিলাম বাজেটের।’ মিশা বলেন, ‘আমার কথা হলো ১২০ কোটি বাজেট নিয়ে। দিন : দ্য ডে ১২০ কোটি দিয়ে নির্মিত। এত বাজেট দিয়ে একটা ছবি না বানিয়ে যদি এই বাজেট দিয়ে শাহরুখ খানের রেড চিলির মতো একটা স্টুডিও বানিয়ে দিতেন তাহলে সেই স্টুডিও থেকে শাকিব খান, শুভ, বাপ্পি, সাইমন ও সিয়ামদের ছবিও বানানো যেত।  আমাদের সবার ছবির সেখানে কাজ হতো। অনন্ত যেহেতু শখে ছবি করেন তিনিও বছরে  একটা করে ভালো ছবি বানাতেন। আমার কথার মূল উদ্দেশ্য ছিল এটাই। কিন্তু সেটা না বুঝে উল্টা বুঝে কী সব বললেন তিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত