'ব্রেন ডেড' রাজু শ্রীবাস্তব; বাঁচার আশা ক্ষীণ

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৮:৪২ পিএম

বাঁচার আশা ক্ষীণ, রাজু শ্রীবাস্তবের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। রাজু শ্রীবাস্তবের 'ব্রেন ডেড' হয়েছে বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকরা রাজুকে নিয়ে সব আশা ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালেই কমেডিয়ান বন্ধু সুনীল পাল নিজের ভিডিও বার্তায় রাজুর মস্তিষ্কের কাজ করা প্রায় বন্ধের কথা একপ্রকার জানিয়েই দেন। তিনি বলেন, চিকিৎসকদের আর কিছুই করণীয় নেই। সকলের কাছে অনুরোধ, আপনারা রাজুর জন্য প্রার্থনা করুন।

গত ১৪ আগস্ট হাতে পাওয়া যায় রাজুর এমআরআই রিপোর্ট। সেই রিপোর্টে বলা হয়েছিল, রাজু শ্রীবাস্তবের স্নায়ুগুলো এখনও ঠিকভাবে কাজ করছে না। যেগুলো ঠিক হতে আরও ১০ দিন সময় লাগতে পারে। সে সময় আগামী ১০ দিন কমেডিয়ানের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন রাজুর ভাই দীপু শ্রীবাস্তব। তবে শেষরক্ষা হলো না। সুস্থ করা গেল না রাজুকে।

গত মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্ট্যান্ড আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। সে সময় তিনি দিল্লিতে ছিলেন। তাঁকে দ্রুত এআইআইএমএস-এ নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। জানা যায়, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতে জিমে শরীরচর্চা করছিলেন অভিনেতা। সে সময় হঠাৎই জ্ঞান হারান তিনি। তিনি ট্রেডমিলে দৌড়াচ্ছিলেন বলে জানা যায়। সেখান থেকে জ্ঞান হারিয়ে পড়ে যান। সময় নষ্ট না করে তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হয় এইমসে। ওই জিমের ট্রেনারই তাকে হাসপাতালে নেন। ওয়ার্কআউট শুরু করার আগে থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং এরপরই এই ঘটনা ঘটে।

অসুস্থ হওয়ার কিছু সময় আগেই সোশাল মিডিয়া পোস্ট করেছিলেন রাজু শ্রীবাস্তব। ইনস্টাগ্রামে একটি কমেডি কনটেন্ট আপলোড করেছিলেন তিনি। সেই ভিডিওতে ছিল ফোনের কলারটিউনে কভিড-১৯ ছড়িয়ে পড়ার ইনফরমেশন নিয়ে কিছু ট্যুইস্ট। এ ছাড়াও নানা মজার ভিডিওতে প্রায়শই নানা বর্ষীয়ান অভিনেতা যেমন শশী কাপুর, বিনোদ খান্না সহ আরও অনেকের মিমিক্রি করতে শোনা যায় তাকে।

১৯৮০ সাল থেকে বিনোদন দুনিয়াতে রয়েছেন রাজু শ্রীবাস্তব। ২০০৫ সালে 'দ্য গ্রেট ইন্ডিয়ার লাফটার চ্যালেঞ্জ'-এ স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবেই সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন রাজু। 'ম্যায়নে পেয়ার কিয়া', 'বাজিগর', 'বোম্বে টু গোয়া', 'আমদানি আঠাননি খার্চা রুপাইয়া'-র মতো ছবিতে পরিচিতি পান। বিগ বস ৩-এর প্রতিযোগীও ছিলেন রাজু। বর্তমানে উত্তর প্রদেশ ফিল্ম ডিভিশন বোর্ডের চেয়ারম্যান রাজু শ্রীবাস্তব। সূত্র : ২৪ ঘণ্টা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত