টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ফিরে পেয়েছেন মাত্র কিছুদিন হলো। এখনও মাঠে তার নেতৃত্বে নামেনি বাংলাদেশ দল। তবে বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকে যেন বদলে গেছেন সাকিব আল হাসান। রোজ নিয়ম করে মাঠে আসছেন, ব্যক্তিগতভাবে করেছেন অনুশীলন। ব্যতিক্রম হয়নি আজও পুরনো দায়িত্বে নতুন করে নামার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়দের দলগত অনুশীলন শুরু হয়েছে আজ থেকে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০ টায় শুরু হয় টাইগারদের অনুশীলন। তবে ক্লাসের সেরা ছাত্রের মতো নির্ধারিত সময়ের আগেই মাঠে এসেই অনুশীলন করেছেন সাকিব। দলের সঙ্গে শুরু থেকে তাকে দেখাও যায়নি।
আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় মাঠে প্রবেশ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। তারপর দীর্ঘ সময় ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন। প্রায় আড়াই ঘণ্টা সেখানে প্রস্তুতি নেন। পরে দলীয় অনুশীলন শুরু হলে অবশ্য সেখানে সাকিবকে দেখা যায়নি। দলের কোচদের অধীনে প্রথমে স্ট্রেচিং ও পরে ফিল্ডিং অনুশীলন করেন। প্রায় ঘণ্টা খানেক ফিল্ডিং অনুশীলন শেষে ব্যাটিং প্রস্তুতি শুরু হয়।
সাকিব মাঠে না থাকায় অনুশীলন শুরুর পর মুশফিকুর রহিমকে দেখা যায় সতীর্থদের ব্রিফ দিতে। স্ট্রেচিংয়ের পর ভাগ হয়ে ফিল্ডিং-ক্যাচিং অনুশীলন করেন ক্রিকেটাররা। মুশফিককে দেখা যায় কিপিং অনুশীলন করতে। এদিকে দলীয় অনুশীলন শুরুর আগেই মাঠে আসেন ডোমিঙ্গো। প্রথমে কিছুক্ষণ কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে চলে যান ড্রেসিং রুমে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের আসেন।
এদিকে এশিয়া কাপকে সামনে রেখে আগামীকাল রবিবার ও পরদিন সোমবার নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। পরদিন মঙ্গলবার (২৩ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে পাড়ি জমাবেন বিজয়-আফিফরা।
