ইনজুরিতে এশিয়া কাপে অনিশ্চিত হাসান মাহমুদ

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২:৫৯ এএম

প্রায় দেড় বছর পর ফিট হয়ে জাতীয় দলে ফিরেছিলেন হাসান মাহমুদ। জিম্বাবুয়েতে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সুবাদে তার জায়গা হয় ১৭ সদস্যের এশিয়া কাপ দলেও। কিন্তু আবার ইনজুরিতে পড়লেন তিনি। কাল মিরপুরে অনুশীলনে বোলিং করার সময় গোড়ালিতে চোট পেয়েছেন এই পেসার। এক্সরে করানোর পর এশিয়া কাপে হাসানের খেলার সম্ভাবনা এখনো উড়িয়ে দেননি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটু দেখতে চান তিনি। ‘ওর এক্স-রে রিপোর্ট ভালো এসেছে। গোড়ালিতে ফোলা কমেনি। দুদিন সে বিশ্রামে থাকবে। ফোলা না কমলে দুদিন পর আমরা এমআরআই করাব। এরপরেই নিশ্চিত হতে পারব এশিয়া কাপে খেলবে কি খেলবে না।’ এই সময়ে অবিশ্বাস্য কিছু না ঘটলে হাসানের ছিটকে যাওয়া একরকম নিশ্চিত।

বাংলাদেশ দল ২৩ আগস্ট বিকেল ৫টায় এবারের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে। এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, প্রতিপক্ষ আফগানিস্তান। এর আগে প্রায় এক সপ্তাহ অনুশীলনের সময় পাবে বাংলাদেশ দল। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ এশিয়া কাপের দ্বিতীয় পর্বে হাসান মাহমুদকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। ২০২১ নিউজিল্যান্ড সফর থেকে ইনজুরিতে পড়েন হাসান। এরপর এক বছর তার সমস্যা খুঁজেই পাওয়া যাচ্ছিল না। পরে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডে চিকিৎসা করাতে গিয়ে জানতে পারেন মেরুদ-ে সমস্যা। পরে কয়েক মাসের পুনর্বাসন শেষে গত প্রিমিয়ার লিগ দিয়ে ফিরেছেন মাঠে। এরপর জিম্বাবুয়ে সফরের দলে টি-টোয়েন্টি অভিষেক হয় হাসানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত