মানিকগঞ্জে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার মামলার খোঁজ নিতে গেলে বাবাকে মারধর করা হয়েছে বলে শিবালয় থানার এএসআই আরিফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে থানার ভেতর এ ঘটনা ঘটে। পরে ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। মারধরের শিকার বাবা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শিবালয়ের আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার ভাই রজ্জব ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। সে সময় শিশুটির বাবা ভয়ে থানায় মামলা করতে পারেননি। সপ্তাহখানেক আগে শিবালয় থানায় মামলা করেন তিনি। শনিবার সন্ধ্যায় মামলার খবর নিতে থানায় গেলে ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন তার সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে থানার ভেতরে তাকে মারধর করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবণী বলেন, মারধরের ঘটনায় এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির বাবার করা মামলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে তিনি জানান।
