ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, তাকে নিয়ে যে অভিযোগ উঠেছে তিনি তার ধারেকাছেও নেই। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি দেশের স্থিতিশীলতা নিয়ে ভারতে গিয়ে কথা বলেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে আমি তার ধারেকাছেও নেই।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে ভারতে গিয়ে এমন কোনো কথা আমি বলিনি, এটা একটা ডাহা মিথ্যে কথা। সেখানে নির্বাচন নিয়ে কোনো কথাই বলিনি।’
ভারত সফরে কোন প্রসঙ্গে কথা বলেছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘গ্লোবাল কনটেক্সটে যে অস্থিতিশীল অবস্থা তার পরিপ্রেক্ষিতে স্থিতিশীলতার কথা বলেছি।’
গত ১৮ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্যতে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’
