খাবার ভেবে কীটনাশক খেয়ে প্রাণ গেল শিশুর

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৭:০৩ এএম

রাজধানীর বাড্ডা আফতাবনগর এলাকার একটি বাসায় তেলাপোকা নিধনের কীটনাশক খেয়ে আয়শা মেহরিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আফতাবনগর এফ ব্লকের একটি ছয়তলা বাড়ির তিনতলায় এ ঘটনা ঘটে। কয়েকটি হাসপাতাল ঘুরে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন শিশুটিকে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সূর্যখালী গ্রামের মৃত শাহিন আলমের একমাত্র মেয়ে আয়শা। মা আকলিমা আক্তার আঁখির সঙ্গে আফতাবনগরের ওই বাসায় থাকত।

আকলিমা জানান, বাসায় তেলাপোকার উপদ্রবের কারণে এক সপ্তাহ আগে তিনি কীটনাশক কিনে আনার পর বাসার ওয়ার্ডরোবের ওপর একটি ঝুড়ির মাঝে রেখে দিয়েছিলেন। গতকাল দুপুরে যখন তিনি রান্নাঘরে কাজ করছিলেন, তখন রুমে খাটের ওপর বসে খেলছিল আয়শা। কিছুক্ষণ পর তার কান্নার শব্দ শুনে তিনি রান্নাঘর থেকে দৌড়ে আসেন। ওয়ার্ডরোবের ওপরে বসা আয়শার মুখে, হাতে কীটনাশক মাখা দেখতে পান। বুঝতে পারেন খাট থেকে ওয়ার্ডরোবের ওপর উঠে সে খাবার মনে করে কীটনাশক খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে তাকে ফরাজি হাসপাতালে নিয়ে যান।

মামি ইসফাত জাহান হালিমা জানান, ওই হাসপাতালে আয়শার স্টোমাক ওয়াশ করানো হয়। এরপর চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। চিকিৎসকরা বলেন, শিশুটি ভালো আছে। তখন তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে বাসায় নিয়ে যাওয়ার পর সে আরও অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। আর সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালিমা আরও জানান, আয়শার জন্মের ১৫ দিন আগে তার বাবা শাহিন আলম মারা যান। একা বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার তিন-চার দিন পর মৃত্যু হয়েছিল তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত