পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ ও বিএনপি গতকাল মঙ্গলবার পাল্টাপাল্টি বিক্ষোভ-সমাবেশ ডাকায় সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গত সোমবার রাতে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
উপজেলা বিএনপি গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। একই সময় একই সড়কে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পাল্টা বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। এতে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
দুমকি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করায় সমাবেশ স্থগিত করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তাদের কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান বলেন, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সমাবেশস্থল ও এর আশপাশের ৪০০ গজের মধ্যে সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
