লোডশেডিংয়ের আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১১:৫১ এএম

লোডশেডিংয়ের আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, মঙ্গলবারই (২৩ আগস্ট) সাশ্রয় হয়েছে ১১ হাজার থেকে ১৩ হাজার মেগাওয়াট। 

বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় এগিয়ে আনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

অফিসের সময় পুনর্নির্ধারণ করায় বিদ্যুতের লোড এক ঘণ্টা এগিয়েছে বলে জানান তিনি। নসরুল হামিদ বলেন, আমি ডেসকো ও ডিপিডিসির বিদ্যুতের লোড পর্যবেক্ষণ করছিলাম। আগে সকাল ১০টা থেকে বিদ্যুতের লোড বাড়ত। আজ তা ৯টা থেকে শুরু হয়েছে। আগে পিক আওয়ার ছিল দুপুরে। এখন সেই ধারার পরিবর্তন আসছে, যা আমরা চাইছি। আগামী এক সপ্তাহ এ পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করবো।

প্রতিমন্ত্রী বলেন, যদি বিদ্যুতের চাহিদার পিক আওয়ার সন্ধ্যা থেকে পরিবর্তন হয়ে সকালে যায়, তাহলে আমরা রাত ও দিনের বিদ্যুতের চাহিদা মেটানোর ক্ষেত্রে ভারসাম্য আনতে পারব। সেচ কাজের জন্য আজ থেকে আগামী ১৫ দিন গ্রামে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চাই। আমার মনে হয় আমরা সেটা করতে পারব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ ধীরে ধীরে লোডশেডিং কমাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত