কুষ্টিয়ায় ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৩:৪৮ পিএম

কুষ্টিয়ার মিরপুরে এক নারীকে ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন আহমেদ মঞ্জু (৪০), আবুল মন্ডলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৬) ও মৃত. হাশেম আলীর ছেলে মো. আশরাফুল আলম(৪৩)।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ জুলাই সকাল ৯টায় মিরপুর উপজেলার কুড়িপোল গ্রামের বাসিন্দা আমিন বিশ্বাসের মেয়ে বৃষ্টি খাতুন (২০) তার খালার বাড়ি কুষ্টিয়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরদিন বিকেলে খালার বাড়ি থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে বাড়িতে ফিরে না এসে নিখোঁজ হয় সে। ৩ জুলাই সকাল সাড়ে ৭টায় উপজেলার চিথলিয়া গ্রামস্থ পাকা রাস্তার উত্তর পাশ থেকে নিখোঁজ বৃষ্টি খাতুনের ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। এঘটনায় নিহতের পিতা আমিন বিশ্বাস বাদি হয়ে তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. আকতারুজ্জামান সাজাপ্রাপ্ত তিন আসামিসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী জানান, মিরপুর থানার নারী ধর্ষণ ও হত্যা মামলায় জড়িত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগে সাক্ষ্য শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। এ মামলার বাকি ৯ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত