বয়স ৪৩ হবে আগামী মাসে। এখনও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলতে ছুটে বেড়ান বিশ্বের নানা প্রান্তে। জাতীয় দলের সঙ্গে আন্তর্জাতিক সফরে দেখা যায় না ঠিকই, তবে আনুষ্ঠানিকভাবে এখনও অবসর নেননি তিনি। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে দেখা গেলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না।
বাঁহাতি এই বিধ্বংসী ব্যাটার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৬০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘সিক্সটি’তে অংশ নিচ্ছেন। যেটা হতে পারে তার বিশ্বকাপের বড় প্রস্তুতি। রেকর্ড বলছে, টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা ব্যাটার গেইল। তার রেকর্ডের ধারেকাছেও নেই কেউ। কিন্তু গেইল কি শুধু ব্যাটার? স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ এবার ঘোষণা দিয়ে বসলেন, তিনিই বিশ্বের সেরা অফস্পিনার।
অনলাইন গণমাধ্যম‘ক্রিকইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আপনি কী জানেন? আমার বোলিংটা সহজাত। অবশ্যই আমাকে বল করতে হবে। কারণ আমি সর্বকালের সেরা অফস্পিনার। মুরালি নিশ্চিতভাবেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার ইকোনমি সেরা, এমনকি সুনিল নারিনও আমার ধারেকাছে নেই।’
অবশ্য পরিসংখ্যান গেইলের এই মতকে সমর্থন করছে না। টি-টোয়েন্টিতে ৭.৬২ ইকোনমিতে ৮৩ উইকেট নিয়েছেন গেইল। নারিন ৪৬৩ উইকেট নিয়েছেন ৬.০২ ইকোনমিতে। মুরালিধরনেরও এই ফরম্যাটে ১৭৯ উইকেট আছে ৬.৩৮ ইকোনমিতে।
