মহেশখালীতে মাদ্রাসায় ঢুকে শিক্ষক দম্পতিকে এলোপাতাড়ি কোপ, স্বামী নিহত

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৫:১৮ পিএম

কক্সবাজারের মহেশখালীতে মাদ্রাসায় ঢুকে শিক্ষক দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়েছে প্রতিপক্ষরা। এতে ঘটনাস্থলে মারা যান মাদ্রাসার এবতাদিয়া শাখার সুপার মৌলভী জিয়াউর রহমান।

বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা সোমাইয়া দাখিল মাদ্রাসার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি (তদন্ত) আব্দুল রাজ্জাক।

নিহত জিয়াউর রহমান স্থানীয় শাহাব মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী সহকারী শিক্ষিকা রহিমা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আব্দুল রাজ্জাক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাবেন বলে জানান। 

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার মাআদ্দুসসুব্বরো গোষ্ঠী ও লালাব্বরো গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে তাজিয়াকাটা মোহাম্মদীয়া স্বতন্ত্র এবতাদিয়া  মাদ্রাসার এমপিওভুক্ত, কমিটি ও জমিদাতাদের মধ্যে বিরোধ চলে আসছিল।

গত ৩ মাস আগেও এ নিয়ে তাদের মধ্যেই মারামারির ঘটনা ঘটেছিল। উক্ত ঘটনার রেষ ধরেই লালাব্বরো গোষ্ঠীর আনছার, মোস্তক বাবুলসহ কয়েকজন পুরুষ ও নারী মাদ্রাসা ক্যাম্পাসে এসে শিক্ষক দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। তাদেরকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৌলভী জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার স্ত্রীকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বাদশা জানান, একটি মাদ্রাসার বিরোধ নিয়ে দু পক্ষের মধ্যেই দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ ঘটনায় রেষ ধরে এই হামলার ঘটনা ঘটেছে।

নিহতের ভাই মো. মান্নান বলেন, লালাব্বরো গোষ্ঠীর আনছার, মোস্তক বাবুলসহ কয়েকজন পুরুষ ও নারী এসে দা-কিরিচ নিয়ে আমার ভাইকে হত্যা করে এবং আমার ভাবি কে মারাত্মক ভাবে জখম করে। তিনিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, কুতুবজোমে শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত