শিক্ষককে কান ধরে উঠবস করানোর অভিযোগ

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০২:০৫ এএম

রাজশাহীতে প্রধান শিক্ষককে নিয়ে টিকটক ভিডিও তৈরি করায় সহকারী শিক্ষককে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ওই নারী সহকারী শিক্ষক উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

ওই শিক্ষক বলেছেন, অসাবধানতাবশত একটি টিকটক ভিডিও তার ফেসবুক আইডির মাই ডে’তে চলে যায়। এ কারণে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে স্কুলের প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসী তাকে কান ধরে উঠবস করিয়েছেন। ঘটনার সময় স্কুলের জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজও উপস্থিত ছিলেন। স্কুলের ভেতরে সবার সামনে তাকে কান ধরে উঠবস করানো হয়েছে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসী বলেন, ‘ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই আমাকে নিয়ে টিকটক ভিডিও বানায়। অন্য মেয়ের শরীরে আমার মাথা লাগিয়ে দেয়। একাধিকবার সতর্ক করা হলেও শোনেনি। চার দিন আগে সর্বশেষ যে ভিডিওটা ফেসবুকে দেয়, সেটাতে নাচানাচি করা একটা মেয়ের শরীরে আমার মাথা লাগায়। পাশে অন্য পুরুষ দাঁড়িয়ে আছে। এ রকম একটা ভিডিও। আমাকে নিয়ে তো সে এসব বানাতে পারে না।’

তিনি আরও বলেন, ‘ওই শিক্ষকের স্বামী মারা গেছেন। তাই সব সময় সমীহ করি। কিন্তু তার অপরাধ ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে পড়ে। এ কারণে ডেকে একটু বকাবকি করেছি। কান ধরে উঠবস করানোর অভিযোগ একেবারেই বানোয়াট। নিজে যেহেতু বড় অপরাধে ফেঁসে যাচ্ছে, তাই সেটা থেকে বাঁচতে আমার নামে মিথ্যা অভিযোগ তুলছে।’  পবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী শিক্ষক বুধবার লিখিত অভিযোগ দিয়েছেন। আমি সহকারী শিক্ষা কর্মকর্তাকে পাঠিয়ে তদন্ত করিয়েছি। রিপোর্ট এখনো পাইনি। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত