ফিজকে সেরা ফর্মে দেখতে চান হাবিবুল বাশার

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০২:১১ পিএম

এশিয়া কাপে প্রথম টি-টোয়েন্টি অন্তর্ভুক্ত হয়েছিল ২০১৬ সালে। ঘরের মাঠে অনুষ্ঠিত সেবারের টুর্নামেন্টে ফাইনালিস্ট ছিল স্বাগতিক বাংলাদেশ। তবে শিরোপা জেতা হয়নি। ভারতের কাছে হেরে পরদিন হিমাচল প্রদেশের ধর্মশালায় উড়াল দিয়েছিল টাইগাররা। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই হয় এই সংস্করণে। বছরের শেষে আবার বিশ্বকাপ। গা গরমের টুর্নামেন্ট হিসেবে তাই এশিয়া কাপেও ফিরে এসেছে সংক্ষিপ্ত এ ফরম্যাট।

তবে টি-টোয়েন্টিতে সাম্প্রতিক ফরম্যাট যে টাইগারদের পক্ষে কথা বলছে না। তাই টুর্নামেন্টের ফাইনাল খেলার আশাও এবার বাংলাদেশ করছে না। দেশ ছাড়ার আগে সাকিবও তাই বলে গেছেন, অন্তত সুপার ফোরে খেলতে চান তারা। এজন্য কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দিকে তাকিয়ে বাংলাদেশ। এ পেসারের বর্তমান অবস্থাও করুণ। তার পারফরম্যান্সে বর্তমানে চলছে উঠা-নামা। তবে আফগানিস্তান ম্যাচেই তাকে তার সেরা ফর্মে দেখতে চান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।  

দলের আর সবার মতো শনিবার বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন মুস্তাফিজও। দুবাই ক্রিকেট একাডেমি মাঠে রাত নয়টায় শুরু হওয়া এই নেট সেশনে অনেকটা সময় ধরে বোলিং করেন মুস্তাফিজ।

দুবাইয়ে শুক্রবার দলের অনুশীলনের ফাঁকে গণমাধ‍্যমকর্মীদের মুখোমুখি হয়ে এই জাতীয় নির্বাচক বললেন, বাঁহাতি এই পেসারের সেরা ফর্ম দলের জন্য কতটা জরুরি, ‘মুস্তাফিজ অবশ‍্যই আমাদের জন‍্য অত‍্যন্ত গুরুত্বপূর্ণ একজন বোলার। ওর পারফরম‍্যান্স দলের জয়-পরাজয়ে অনেকখানি প্রভাব ফেলে। ওকে ভালো ফর্মে, সেরা ফর্মে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের বোলিং আক্রমণের তিনি মূল অস্ত্র। অধিনায়ক সাকিব ছাড়া এই বাঁহাতি পেসারের আছে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের খেলার বড় অভিজ্ঞতা ও সাফল্য। তবে তার সাম্প্রতিক পারফরম্যান্সে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলেনি প্রায়ই।

টি-টোয়েন্টিতে সবশেষ ১৪টি বোলিং ইনিংসে তার উইকেট স্রেফ ৯টি। সবশেষ ১১ টি-টোয়েন্টির চারটিতে তিনি রান দিয়েছেন ওভারপ্রতি দশের বেশি। সবশেষ জিম্বাবুয়ে সফরে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে দিয়েছেন ৫০ রান!অথচ তার কাছে দলের চাওয়া ম্যাচের নিয়ামক হয়ে ওঠা। পাওয়ার প্লেতে এক-দুই ওভার আর শেষের দিকের বোলিংয়ে তিনিই দলের সবচেয়ে বড় ভরসা। অনেক সময় তার ওভারগুলোই গড়ে দেয় পার্থক্য।

এশিয়া কাপেও মুস্তাফিজ নিজেকে খুঁজে না পেলে বাংলাদেশের সম্ভাবনায় তা হবে বড় চোট। হাবিবুল বাশারও তুলে ধরলেন সেই বাস্তবতা, ‘অতীতে কিন্তু মুস্তাফিজ অনেক ভালো ম‍্যাচ খেলেছে আমাদের জন‍্য। অনেক ভালো বোলিং করেছে। সব সময় তো আর ভালো পারফরম‍্যান্স হয় না, ওরও বাজে দিন গেছে। যেখানে আমরা ভুগেছি। তবে এটা হতেই পারে। আমি আশা করছি যে, এই টুর্নামেন্টের শুরু থেকেই আমরা মুস্তাফিজের সেরাটা পাব। যেটা আমাদের জন‍্য খুব গুরুত্বপূর্ণ হবে প্রথম রাউন্ড পার হতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত