বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৯৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ।
তিনি জানান, শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে জেলার শেরপুর উপজেলার টাউন বারোয়ারী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো বগুড়া সদরের নাটাইপাড়া এলাকার দীপক কুমার রায় (৪০), গোকুলের ঠেংগামারা বালাপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৩৮) ও শেরপুর উপজেলার কদিমুকন্দ গ্রামের মনিন্দ্রনাথ সরকার (৫৮)। উদ্ধার করা কষ্টিপাথরের ওজন ৯৯ কেজি, দৈর্ঘ্য ৪৭ ইঞ্চি এবং প্রস্থ ২১ ইঞ্চি।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, শেরপুরে অবৈধ অস্ত্র এবং চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদে তারা জানতে পারেন, উপজেলার টাউন বারোয়ারী তিন রাস্তার মোড়ে কয়েকজন কষ্টিপাথর হেফাজতে নিয়ে অবস্থান করছেন। এসময় সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং চটের বস্তায় থাকা একটি কষ্টিপাথরে থাকা তিনটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। তাদের কাছে থাকা চটের বস্তার ভিতরে কষ্টিপাথরটি ছিল। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন কৌশলে পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তার তিনজনই চোরাকারবারি। এরসাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। চোরাকারবারিরা কষ্টিপাথরের মূর্তিটি ভারতে পাচার করার চেষ্টা করছিল।
