আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার আফগান মেয়েদের উচ্চশিক্ষার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে। গত শুক্রবার সরকারের উচ্চ পর্যায় থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। আফগানিস্তানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা থাকায় আর্থিক সঙ্গতিসম্পন্ন আফগান তরুণ-তরুণীরা সাধারণত কাজাখস্তান কিংবা কাতারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে যান। তালেবান সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কেবল পুরুষ শিক্ষার্থীরাই বিদেশে যেতে পারবেন। তালেবান সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্পুৎনিক।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের বাহিনীর হাতে ক্ষমতা হারানো তালেবান গোষ্ঠী ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের বিদায় নেওয়ার পর দ্বিতীয়বারের মতো জাতীয় ক্ষমতা দখল করে। ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানে মেয়ে ও ছেলে শিক্ষার্থীদের সহশিক্ষাভিত্তিক স্কুল বন্ধ করে দিয়েছে তালেবান সরকার পাশাপাশি মেয়েদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলও বন্ধ করা হয়েছে।
তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে। বিপুলসংখ্যক নারীকে সরকারি-বেসরকারি কর্মস্থল থেকে চাকরিচ্যুত করেছে। সেই সঙ্গে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে নারী অধিকারকর্মীদের মুখও বন্ধ রাখতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত। গত মে মাসে আফগান নারীদের পুরো দেহ ও মুখ ঢাকা বোরকা পরে ঘরের বাইরে চলাফেরা করার নির্দেশ দিয়েছে তালেবান। শুক্রবার উচ্চশিক্ষার্থে মেয়েদের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা দেওয়া হলো।
