৭ জেলায় বিএনপির কর্মসূচিতে বাধা আহত ৩৭

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০২:৫৬ এএম

বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল সোমবার দেশের সাত জেলায় হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব হামলা-সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩৭ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

গতকালের সহিংসতাগুলোর মধ্যে মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয় বলে দাবি করেছেন দলটির নেতারা। সেখানে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ হয়। এছাড়া উপজেলার গোয়ালপাড়া এলাকায় হৃদয় নামে এক যুবকের নসিমনে অগ্নিসংযোগ করা হয়েছে।

আহতদের মধ্যে শ্রীকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদকে (৩৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করীম অভিযোগ করে বলেন, গতকাল সকাল ১০টায় শ্রীপুরের খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাদের বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সমাবেশে আসা-যাওয়ার পথে তাদের নেতাকর্মীদের ওপর বিভিন্ন এলাকায় হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খামারপাড়া মোড়ে শ্রীকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদকে কুপিয়ে জখম করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় হামলায় আহত হয় আরও নয়জন নেতাকর্মী।

এদিকে বিএনপির কর্মসূচির বিপরীতে ‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের’ প্রতিবাদে গতকাল সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশের আগে তারা শ্রীপুর উপজেলা সদরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে থেকে খামারপাড়া গোরস্তান মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে।

সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ : ফেনীর সোনাগাজীতে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বিকেলে উপজেলা সদরের ভৈরব রাস্তার মাথায় এ সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ অন্তত ৪০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষের ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। সংঘর্ষে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মাশকুর রহমান ও থানার এসআই আমির উদ্দিন দোলন আহত হন। বিএনপি কর্মীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে আহত হন তারা। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে আরও পাঁচজন আহত হন।

নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ : নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাত বছর বয়সী এক শিশু এবং দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়। গতকাল বিকেলে ডুমুরুয়া ইউনিয়নের গাজিরহাট মোড়ে এ ঘটনা ঘটে। দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপক্ষকে দুদিকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় পুলিশ আটজনকে আটক করে।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

মুন্সীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি : মিছিলে অংশ নেওয়ায় মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। গজারিয়া থানার ওসি ও ইউপি চেয়ারম্যানের নাম ভাঙিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মো. আল-মামুন এ হুমকি দেন। স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকি দেওয়ার একটি ভিডিও ফেইসবুকেও ছড়িয়ে পড়ে। গত রবিবার বেলা ১২টার দিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনের নেতৃত্বে বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া ও পশ্চিম বাউশিয়া গ্রামের বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে এ হুমকি দেওয়া হয়।

রূপগঞ্জে আ.লীগের বিক্ষোভ : বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সভা করেছে। গতকাল বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সভা করেন। মিছিলটি কাঞ্চন বাজার হয়ে মায়ারবাড়ি, কালাদি, চাঁন টেক্সটাইলসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রায়পুরে বিএনপির সভা স্থগিত : লক্ষ্মীপুরের রায়পুরে একই স্থানে বিএনপির ও স্বেচ্ছাসেবক লীগের সভাকে কেন্দ্র করে দলীয় উত্তেজনায় সংঘর্ষের আশঙ্কায় সভা স্থগিত করেছে বিএনপি। একই স্থানে গতকাল বিকেলে রায়পুর পৌরসভার বাসস্ট্যান্ডে শোকসভা করে স্বেচ্ছাসেবক লীগ।

দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেল ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায় বিকেলে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল বিএনপি। একই সময়ে সেখানে শোকসভার কর্মসূচি দেয় রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। ফলে ‘শান্তি-শৃঙ্খলা রক্ষা’র কারণ দেখিয়ে রবিবার রাতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার। এর আগে একই দাবিতে গত বুধবার একই স্থানে বিক্ষোভ সমাবেশটি করতে চেয়েছিল উপজেলা বিএনপি। তবে সেদিনও উপজেলা আওয়ামী লীগ সেখানে শোকসভা ও বিক্ষোভ কর্মসূচি করায় অনিবার্য সংঘাতের শঙ্কায় নিজেদের কর্মসূচি স্থগিত করে দেন বিএনপি নেতারা।

মোংলায় ১৩ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : বাগেরহাটের মোংলায় বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনের নামে বিস্ফোরকদ্রব্য আইনে থানায় মামলা করেছেন এসআই দেবোজিৎ কুমার সানা। গতকাল সকালে এ মামলা হয়। এ মামলায় রবিবার রাতে আটক বিএনপি-জামায়াতের তিন নেতাকর্মীকে সকালেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, ‘সোমবার কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম করার উদ্যোগ নেয়ায় পুলিশ মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের আটক ও হয়রানি করছেন। এছাড়া গভীর রাতে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, গ্রেপ্তার ও হয়রানি করছে পুলিশ।’

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট জেলা ও উপজেলার প্রতিনিধিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত