তিতাসে আ.লীগের ধাওয়ায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ পণ্ড

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৩:৪৭ পিএম

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপিকে মাঠে দাঁড়াতে দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের বাধার মুখে পূর্বঘোষিত জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে পারেনি বিএনপি।

মঙ্গলবার সকালে তিতাস উপজেলা বিএনপি কর্মসূচি পালন করতে মাঠে নামলে  আওয়ামী লীগের তোপের মুখে পড়েন, এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সকাল ৮টা থেকে উপজেলার কলাকান্দি, মাছিমপুর, কালাই গোবিন্দপুর, বাতাকান্দি বাজার, গাজীপুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট, কড়িকান্দি বাজার, শিবপুর, দড়িকান্দি ও আসমা নিয়া বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

বিক্ষোভ সমাবেশ করতে বন্দরামপুর এলাকায় জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন ধাওয়া করলে পূর্বঘোষিত সমাবেশ করতে পারেননি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

পরে তিতাস উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু এবং তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদের নেতৃত্বে একটি মিছিল  গৌরীপুর-হোমনা সড়কের হাসপাতাল গেইট থেকে কড়িকান্দি বাজারে এসে শেষ হয়।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু বলেন, ‘প্রতি বছর আগস্ট আসলে বিএনপি জামাত সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। কেউ যেন নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এ জন্য তিতাস উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে।’

তিতাস উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি মুজিবুর রহমান বলেন, শোকের মাসে সারা দেশের মতো তিতাসে জামাত-বিএনপি অস্থিতশীল করার জন্য মাঠে নেমেছে, তাই আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে এবং পরামর্শে তাদেরকে প্রতিহত করেছি এবং বিএনপির জ্বালাও-পোড়াও রুখতে সব নেতাকর্মী সরব হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিকেলে বলবো।

সাধারণ সম্পাদক ওসমান গনি ভূইয়া বলেন, এখন ঝামেলায় আছি, পরে বলবো।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, তিতাসে পরিস্থিতি শান্ত আছে, তারপরও বাড়তি নজরদারি রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত