বিশ্বরেকর্ড গড়তে একটানা সাঁতার কেটে সিলেট থেকে কিশোরগঞ্জের ভৈরব পর্যন্ত ২৮১ কিলোমিটার পাড়ি দেওয়ার পথে ৮৩ কিলোমিটার যাওয়ার পর অসুস্থ হওয়ায় সাঁতার শেষ করেছেন ৭১ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।
সিলেটের সুরমা নদীর চাঁদনীঘাট থেকে গত সোমবার সকাল ৬টায় সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার হরিণাপাটি এলাকায় পৌঁছার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় তার সঙ্গে নৌকা নিয়ে থাকা জরুরি সেবা দলের চিকিৎসক তপজিত ভট্টাচার্য তাকে সাঁতার থামিয়ে দিতে বলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, ‘কঠিন সাঁতার যুদ্ধে নেমে সত্তরোর্ধ্ব মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র ৮৩ কিলোমিটার যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। এরপর অনুরোধ করে তার সাঁতার বন্ধ করা হয়েছে। তবে এই বয়সে তিনি কঠিন লক্ষ্য অর্জনে যে মানসিক দৃঢ়তা দেখিয়েছেন তা সবার জন্য প্রেরণাদায়ক।’
