রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারকে গত এপ্রিল মাসে টিপ পরা নিয়ে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য (চাকরিচ্যুত) নাজমুল তারেক দাবি করেছেন, কোনো প্রকার সাক্ষ্যপ্রমাণ ছাড়াই তাকে মিথ্যা অভিযুক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তার মা, স্ত্রী এবং নবজাতক সন্তানকে নিয়ে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি করেন তিনি। এসময় নাজমুল তারেক চাকরি ফেরত পাওয়াসহ প্রভাষক লতা সমাদ্দারের শাস্তি দাবি করেন।
নাজমুল তারেক বলেন, ‘এই ঘটনায় (টিপ কান্ড) প্রথমে দু সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। যেখানে টিপ বিষয়ে কোনো প্রমাণ পায়নি। কিন্তু অ্যাডিশনাল এসপি রহিমা আক্তার লাকি স্যার বিভাগীয় মামলায় আমাকে ভিডিও ফুজেটের মাধ্যমে প্রমাণ করেছে যে, আমি অপরাধী। কিন্তু কী সেই ভিডিও ফুটেজ, যার মাধ্যমে আমাকে দোষী প্রমাণ করা হলো। আমি চাই জনগণের কাছে পরিষ্কার করা হোক, কোন ভিডিও ফুটেজের মাধ্যমে আমার অপরাধ দেখা গেছে। শুধু বাইকে যাওয়া ভিডিও ফুটেজ দিয়ে তো আর প্রমাণ করতে পারে না আমি অপরাধী। ঘটানস্থলের ভিডিও ফুটেজ লাগবে। যে দারোগা সিসি ক্যামেরা এনালাইজ করছে। তাকে আমি জেরা করেছি ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আমাকে কী অবস্থায় দেখেছেন। উনি লিখেছেন, ‘ঘটনাস্থল সিজান পয়েন্টের কাছাকাছি মেইন রোডে মেট্রোরেলের পিলারে কাছে কোনো সিসি ক্যামেরা না থাকায় ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। আমি অভিযুক্ত পুলিশ সদস্যকে আইডিয়াল হসপিটালের দিকে যেতে দেখেছি সেই ভিডিও ফুটেজ পেয়েছি।’ তাহলে কোন ভিডিও ফুটেজ প্রমাণ করেছে আমি অপরাধী?’
