কেরানীগঞ্জে গ্যাস লিকেজে পরিবারের ৬ জন দগ্ধ

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০১:০৯ এএম

ঢাকার কেরানীগঞ্জে গ্যাস লিকেজে সৃষ্ট আগুনে ঘুমিয়ে থাকা একই পরিবারের শিশু-নারীসহ ৬ জন দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল জেলেপাড়া এলাকায় সুলতান মিয়ার বাড়ির ভাড়াটিয়া বেগমের ঘরে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলো বেগম (৬০), ইদুনি বেগম (৫০), সোনিয়া (২৬), শাহাদাত (২০), মারিয়া (৮) ও ইয়াসিন (৬)। দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেছে। বাড়ির মালিকের ছেলে মোহাম্মদ সানি জানান, সকাল ৬টায় চিৎকার শুনে উপর থেকে নিচে নেমে দেখি বন্ধ ঘরের মধ্যে চিল্লাচিল্লির শব্দ। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন জড় হলে, দরজা ভেঙে দেখতে পাই ভেতরে ধোয়ায় ভর্তি। আগুনে কয়েকজনের গায়ের চামড়া পুড়ে গেছে। পরে সিএনজিতে করে তাদের হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) আসিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত