পুরনো চ্যাম্পিয়নের প্রত্যাবর্তনের আসরে থাকছে না বর্তমান

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৫:৫৩ পিএম

ষষ্ঠ আসরের পর আর তাদের দেখা যায়নি। যেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সম্পর্ক চুকিয়ে নিয়েছিলেন। সে আসরের পর থেকে বিপিএলের মালিকানাও চলে যায় বিসিবির অধিকারে। নতুন এ নিয়মে তারা তিন দল আর আগ্রহ দেখাননি। তবে দেশের টি-টোয়েন্টি সংস্করণের সবচেয়ে টুর্নামেন্টটি ফিরে যাচ্ছে পূর্বের নিয়মে। তাতে পুরনোদের প্রত্যাবর্তনও হচ্ছে। মঙ্গলবার আগ্রহ প্রকাশের সময়সীমা শেষ হয়েছে। আগামী তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানার আগ্রহ দেখিয়েছে এক দল।

আগ্রহ প্রকাশ করা দলটির নাম রংপুর রাইডার্স। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দলটি ২০১৭ সালে বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা আবার ফিরছে টুর্নামেন্টে। তবে নির্ধারিত সময়ে আগ্রহ দেখায়নি ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। একইসঙ্গে বিপিএলের আগামী আসরে অংশ নিচ্ছে না টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও।

দি বিজনেস পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী তিন বছরের জন্য সাতটি দলের ফ্র্যাঞ্চাইজি বিক্রি করবে। এজন্য দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান, সংস্থা, কোম্পানি বা কনসোর্টিয়ামকে আগ্রহ প্রকাশের আমন্ত্রণ জানিয়েছিল।

বিপিএলে রংপুর রাইডার্সের প্রত্যাবর্তনের তথ্যটি নিশ্চিত করেছেন দলের হেড অব অপারেশন্স তাসভীর উর ইসলাম। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দ্বারা পরিচালিত দলটি। বিগত আসরগুলোতে রংপুর ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, ব্রেন্ডন ম্যাককালাম এবং এবি ডি ভিলিয়ার্সের মতো তারকাদের এক আসরে একত্রিত করেছিল। সফলও হয়েছিল তারা।

তাসভীর বলেন, ‘আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ ও দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগ হচ্ছে একসঙ্গে। আমিরাত নয়জন বিদেশী খেলোয়াড়কে একাদশে রাখার সুযোগ দিচ্ছে। তারা অর্থও বিনিয়োগ করছে প্রচুর। সে কারণে টি-টোয়েন্টি তারকাদের পাওয়া আমাদের জন্য কঠিন হবে। তাই আমি মনে করি বিপিএল আইএলটি-২০ লিগের পর হলে আমরা কিছু আন্তর্জাতিক তারকাদের দলে ভেড়াতে পারব।’

রংপুর রাইডার্সের যখন প্রত্যাবর্তন হচ্ছে তখনও নিজেদের গুটিয়েই রাখছে ঢাকা ডায়নামাইটস। বিপিএলের অন্যতম সেরা দল হিসেবে পরিচিত দলটি বেক্সিমকো দ্বারা পরিচালিত ছিল। আগামী তিনটি আসরেই তাদেরকে দেখা যাবে না। ফ্র্যাঞ্চাইজিটির সিইও ও বিসিবি পরিচালক ওবায়েদ নিজাম তাদের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কারণে টি-টোয়েন্টির সেরা খেলোয়াড়দের দলে ভেড়ানো যাবে না, এ কারণে বিপিএলে দল নিয়েই আগ্রহ দেখায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির স্বত্ত্বাধিকারি নাফিসা কামাল আগ্রহ প্রকাশ না করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আখতার গ্রুপের মালিকানাধীন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বঙ্গবন্ধু বিপিএলের ২০১৯-২০ আসরে প্রথম উপস্থিত হয়েছিল। বঙ্গবন্ধু বিপিএলের শেষ আসরেও দলটিকে দেখা গিয়েছিল। সে আসরে তারা শেষ চারে ছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম জানিয়েছেন, তারা এবার বিপিএলে অংশ নিতে চান।

তিনি বলেন,‘আমাদের লক্ষ্য তারকা তৈরি করা। আমরা তরুণদের সুযোগ দেই, নিজেকে মেলে ধরার জন্য জায়গা দেই। দেখুন, উইল জ্যাকস বিপিএলে খেলার আগে তাকে কে চিনত? এমনকি বেনি হাওয়েল? আমরা ইতোমধ্যেই বিপিএলের জন্য ক্রিকেটারদের খুঁজে বের করার জন্য কাজ করছি। কয়েকজনের সঙ্গে আলোচনাও করেছি। বিশ্বে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আশা করি, আমরা এবার আরও ভালো করতে পারব।’

হাওয়েল এবং জ্যাকস গত বিপিএলে চ্যালেঞ্জার্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে হাওয়েল এবার আমিরাতের আইএলটি-২০তে এবং জ্যাকস দক্ষিণ আফ্রিকার লিগের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

গত মৌসুমে সিলেট সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছিল প্রগতি গ্রীন অটো রাইস মিলস লিমিটেডের কাছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ কুদরত ই ইবতিহাজ জয়ও আগামী তিন বছর বিপিএলের সঙ্গে থাকতে আগ্রহী।

তিনি বলেন, ‘আমরা ক্রিকেটে থাকতে আগ্রহী। এর আগে আমরা সিলেট নামে ফ্র্যাঞ্চাইজি গঠন করেছি। এবার আমরা পদ্মা নামে দল নিতে চাই। বিসিবি অনুমতি দিলে এই নামে দল গঠন করব। অন্যথায় সিলেট।’  ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানও নিশ্চিত করেছেন যে তাদের দল বিপিএলে থাকছে, ‘হ্যাঁ, প্রাথমিকভাবে আমরা কিছুটা দ্বিধায় ছিলাম, কিন্তু সব সংশয় দূর হয়েছে। আমরা থাকছি।’ গত বছর সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো ও মুজিব-উর-রহমানকে দলে নিয়ে রানার্স আপ হয়েছিল।

তবে খুলনা টাইটান্সের প্রধান অর্থায়নকারী জেমকন গ্রুপ এবার বিপিএল দল গঠনে আগ্রহী নয় বলেও জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত