সোনাগাজীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপির ৬ নেতা গ্রেপ্তার

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১০:২৬ পিএম

ফেনীর সোনাগাজীতে সংঘর্ষের ঘটনায় বিএনপির ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার  (৩০ আগস্ট) রাতে বাড়ি ও হাটবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ভূঁইয়া, আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা কেফায়েত উল্যাহ, পৌর ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন হৃদয়, যুবদল নেতা হালিম উল্যাহ, তার ভাই আবদুর রহমান ও যুবদল নেতা মো. রিপন।

তাদের বুধবার দুপুরে পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ চলছিল। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এ ঘটনায় সোনাগাজী মডেল থানার এসআই সৌরজিৎ বডুয়া ও মো. মাঈন উদ্দিন বাদী হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে প্রধান আসামি করে দলটির ৩৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত