বগুড়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ পিএম

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ওয়াজেদ হোসেন ঝন্টু (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৩ সেপ্টেস্বর) সকাল ৯টার দিকে পৌর এলাকার ভাটকান্দিতে এ ঘটনা ঘটে। এঘটনায় আয়নাল (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা। 

নিহত ঝন্টু বগুড়া পৌর এলাকার ভাটকান্দি পূর্বপাড়ার আফজাল হোসেন প্রামাণিকের ছেলে। নিহত ওয়াজেদ পেশায় টাইলস মিস্ত্রি। 

আটক আয়নাল একই এলাকার আদর আলীর ছেলে। 

খোঁজ নিয়ে জানা যায়, ঝন্টু সকালে ভাটকান্দির সরকারি একটি জলাশয়ে মাছ ধরতে যান। সেখান থেকে ফিরে সকাল ৯টার দিকে ভাটকান্দি ব্রিজের পাশে স্থানীয় মানিকের হোটেলে সকালের নাস্তা করতে বসেন ঝন্টু। নাস্তা করার সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। দুর্বৃত্তরা পালিয়ে যাবার সময় স্থানীয় জনতা আয়নাল নামে একজনকে আটক করে গণপিটুনি দেয়। 

এসময় ঝন্টুকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা ঝন্টুকে কুপিয়ে পালানোর সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আয়নাল নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ হেফাজতে সে চিকিৎসাধীন। অতিদ্রুত এ হত্যাকাণ্ডের 
সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত