কুষ্টিয়ার দৌলতপুরে পল্লীবিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোতালেব হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান এবং উপজেলার খলিসাকু-ি মাঠপাড়া এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিসাকু-ি মাঠপাড়া এলাকার এক ব্যক্তির বাড়িতে বৈদ্যুতিক লাইনে সমস্যা হওয়ায় মোতালেব হোসেনকে ডাকা হয়। এ সময় মোতালেব বৈদ্যুতিক খুঁটি থেকে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগের তার কাটা দেখতে পান। লোডশেডিং চলাকালীন অবস্থায় তিনি ওই তার জোড়া দিতে খুঁটিতে উঠে তার জোড়া দেওয়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে এলে মোতালেব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই ঝুলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির খলিসাকু-ি অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘মোতালেব হোসেন দীর্ঘদিন যাবৎ ইলেকট্রিশিয়ান হিসেবে এলাকায় গ্রাহকদের কাজ করেন। তবে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার কোনো অনুমতি তার ছিল না।’
